এশিয়া অঞ্চলে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু-প্রতিম দেশ চীন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী মঙ্গলবার (৫ মে) দুইদিনের চীন সফরে যাচ্ছেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের নতুন সরকার গঠনের পর ঢাকার পক্ষ থেকে প্রথমবারের মত বেইজিং সফর হচ্ছে। দুই দেশের সরকার উভয়ের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও নিবিড় করতে চায়। দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতে কোনদিকে যাচ্ছে এই সফরে তার পথ-নকশা রচিত হবে।জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী মঙ্গলবার দুপুরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। পরদিন বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-য়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে উভয়েই যৌথ বিবৃতি প্রকাশে সম্মতি দিয়েছে। উন্নয়ন ইস্যুতে এই সফরে চীনের উন্নয়ন বিষয়ক মন্ত্রী জেং শানজির সঙ্গেও বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এছাড়া এই সফরে চীনা কমিউনিস্ট পর্টির একাধিক নেতার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এই সফরে উন্নয়ন, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি, চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাচলে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা, মোংলা বন্দর, পানি, রোহিঙ্গা এবং ভূ-রাজনীতি ইস্যু গুরুত্ব পাবে।